শিরোনাম

সেপটিক ট্যাংকে পড়ে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-৩১

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁকে খুঁজতে গিয়ে ছোট ভাইও ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বুধবার (গতকাল) রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল আহমদ (২৭)। তিনি ডোমাবাড়ি এলাকার মজম্মিল আলীর ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন। আহত যুবক তাঁর ছোট ভাই ইমন আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোহেল টয়লেটে গেলে তাঁর কোমরে লুঙ্গিতে রাখা মানিব্যাগটি অসাবধানতাবশত কমোডের ফাঁক দিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায়। মানিব্যাগটি তুলতে তিনি ট্যাংকে নামেন। অনেকক্ষণ ধরে সোহেল ওপরে না ওঠায় ছোট ভাই ইমন খোঁজ নিতে ট্যাংকে নামেন। এরপর থেকে দুজনের সাড়া না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

রাত ৯টার দিকে জুড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তারা মই ব্যবহার করে ট্যাংকে নেমে দুই ভাইকে উদ্ধার করেন।

জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ভাই সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অসিত রঞ্জন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই সোহেল আহমদের মৃত্যু হয়। তাঁর ভাই ইমন আহমদ আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

error: Content is protected !!