ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ছক্কার উৎসব। প্রতিটি মৌসুমে নতুন নতুন ছক্কাবাজ উঠে আসছেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকার প্রথম তিনজনই বলা যায় নতুন মুখ। তবে শীর্ষ পাঁচে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের উপস্থিতি এবারও স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে।
এখন পর্যন্ত চলতি বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস। ১২ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা তাঁর ১২৫ রানের ইনিংসের সঙ্গে মিলিয়ে তিনি ছক্কা মেরেছেন মোট ৮৫টি। মাত্র ৩০ ইনিংসে এই কীর্তি গড়েছেন ‘বেবি এবি’ খ্যাত ব্যাটসম্যান। এ সময় তিনি ৪৫.২২ গড়ে ও ১৮৬.৬৭ স্ট্রাইক রেটে করেছেন ৯৯৫ রান।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৭টি ছক্কা রয়েছে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটার মিচেল ওয়েনের ঝুলিতে। তবে ইনিংসের হিসেবে এগিয়ে সাহিবজাদা। তিনি মাত্র ২৫ ইনিংসে এই ছক্কা হাঁকিয়েছেন, যেখানে ওয়েন খেলেছেন ৩৬ ইনিংস। গড়ের দিক থেকেও পাকিস্তানি ওপেনার অনেকটা এগিয়ে— তাঁর ব্যাটিং গড় ৫৫.৭৮, আর ওয়েনের ২৫.৬২। তবে দ্রুত রান তোলায় পিছিয়ে নেই ওয়েন; ১৯৬.৭১ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। সাহিবজাদার স্ট্রাইক রেটও ভালো, ১৬৬.১৯।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সর্বাধিক ১৭০টি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল ১৩৫টি ছক্কা হাঁকিয়েছিলেন, যা পুরান ভেঙে দেন। এ বছরও পুরান শীর্ষ পাঁচে আছেন। তবে সংখ্যা তুলনামূলক কম— ৩৭ ইনিংসে ৭৪টি ছক্কা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় তাঁর সংখ্যা দ্রুত বাড়তে পারে।
পুরানের সমান ৭৪ ছক্কা আছে অস্ট্রিয়ার করণবীর সিংহের। তবে তিনি তা করেছেন মাত্র ২৪ ম্যাচে। যদিও তাঁর প্রতিপক্ষ দলের মান নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও করণবীরের সব ছক্কাই আন্তর্জাতিক ম্যাচে এসেছে। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছর একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি তুলেছেন এক হাজারের বেশি রান (১০১৩)।
বাংলাদেশ দলে এ সময়ে সবচেয়ে বিধ্বংসী টি-টোয়েন্টি ব্যাটসম্যান দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ঝুঁকি নেওয়ার শুরুটা ওপেনারদের করতেই হয়— স্পিনারদের বিপক্ষে বা পেসারদের নতুন বলে মারতে হয় জোরালো শট। সেই সাহস ও দক্ষতা দুজনের মধ্যেই আছে।
চলতি বছরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান। মাত্র ২২ ইনিংসে তাঁর ছক্কার সংখ্যা ৫৫, যা চার মেরে করা ৪৮ রানের চেয়েও বেশি। তিনি ২৮ গড়ে ও ১৪৪.৮৮ স্ট্রাইক রেটে তুলেছেন ৭৬৫ রান।
সমান ২২ ইনিংসে পারভেজ হোসেন ছক্কা মেরেছেন ৪৩টি, রান করেছেন ৬১০। তাঁর ব্যাটিং গড় ৩০.৫০, স্ট্রাইক রেট ১৪১.২০।
পারভেজের চেয়ে মাত্র ১ রান কম করে (৬০৯ রান) লিটন দাস হাঁকিয়েছেন ২৮ ছক্কা। সমান ২৮ ছক্কা আছে জাকের আলীরও, তবে তাঁর ইনিংস সংখ্যা ২১। আর ১৭ ইনিংসে মোহাম্মদ নাঈম ছক্কা হাঁকিয়েছেন ২৯টি, যা লিটন ও জাকেরের চেয়ে ১টি বেশি।
