ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হামের পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। প্রতিদিনই সন্দেহজনক হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৭ মাস বয়সী শিশু শুভ তালুকদারের মৃত্যু হয়। সে সন্দেহজনক হামে আক্রান্ত ছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছে।
এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ বিভাগের অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি হয়েছে।
নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়ার চাপও বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৪৯০ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন ভর্তি রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর দিক থেকেও সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। এখন পর্যন্ত সিলেট জেলায় সন্দেহজনক হামে ৬৩ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হামে ১৯ জন ও নিশ্চিত হামে ৪ জন, মৌলভীবাজারে যথাক্রমে ১৩ ও ১ জন এবং সুনামগঞ্জে ৬০ ও ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১৬৫ জনে পৌঁছেছে।
