৫০ দিনের আল্টিমেটাম: শান্তি না এলে রাশিয়ার ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার ওপর প্রায় ১০০ শতাংশ হারে কঠোর শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে তিনি ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা দেন। ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এসব কথা তিনি হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর বলেন।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। তিনি শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর আগ্রাসন বেড়ে যাওয়ায় ট্রাম্পের মধ্যে অসন্তোষ প্রকাশ পেতে শুরু করেছে।

ট্রাম্প বলেন, “যদি আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া কোনো শান্তিপূর্ণ সমাধানে না আসে, তবে খুব দ্রুতই সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে, যার হার হবে প্রায় ১০০ শতাংশ। এসব শুল্ক রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও প্রয়োগ করা হবে, যাতে তারা বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে না পারে।”

তিনি আরও বলেন, “পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, তবে আমাকে পারেননি। আমি তাকে খুনি বলছি না, কিন্তু তিনি একজন কঠোর ব্যক্তি। এটি দীর্ঘদিন ধরে প্রমাণিত যে তিনি বিল ক্লিনটন, জর্জ বুশ, ওবামা এবং বাইডেন—এই চার মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন। কিন্তু আমি তার ফাঁদে পড়িনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার ওপর একেবারেই সন্তুষ্ট নই, তবে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি।”

বৈঠকে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ঘোষণা দেন। চুক্তি অনুযায়ী, ন্যাটো জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক আধুনিক অস্ত্র কিনবে, যা দ্রুত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। ন্যাটো প্রধান এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “এর ফলে ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সহায়তা পাবে।”

তিনি আরও জানান, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনকে সহযোগিতা করে যাচ্ছে। “আজ যদি আমি ভ্লাদিমির পুতিন হতাম, তাহলে ইউক্রেন নিয়ে আলোচনাকে অনেক বেশি গুরুত্ব দিতাম,”— বলেন ন্যাটো মহাসচিব।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একদিন আগেই তিনি বলেছিলেন, “যুক্তরাষ্ট্র আবারও সামরিক সহায়তা শুরু করেছে।”

  • ইউক্রেন রাশিয়া যুদ্ধ ২০২৫
  • ট্রাম্প পুতিন মন্তব্য
  • ডোনাল্ড ট্রাম্প রাশিয়া শুল্ক
  • error: Content is protected !!