ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে টাইগাররা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আফগানিস্তান নিজেদের আন্তর্জাতিক ম্যাচের বেশ কিছু হোম সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় আগামী ৯ অক্টোবর আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও সেখানে কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি।
টেস্ট ম্যাচ শেষে ১৭ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ পরস্পরের বিপক্ষে খেলবে।
লিগ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হওয়ার পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই সময়সূচি নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিভিন্ন সংস্করণে খেলার সুযোগ আফগান ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেন নাসিব খান।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার টেস্ট খেলার সুযোগকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি সময় তৈরি করবে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমিরাতের কন্ডিশনে প্রথমবার লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মূল্যবান হবে।
আফগানিস্তান এই কন্ডিশনে বরাবরই ভালো পারফর্ম করে আসছে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী আশা প্রকাশ করেন, পুরো সফর ও ত্রিদেশীয় সিরিজ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত ও রোমাঞ্চকর কয়েকটি সপ্তাহের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
