শিরোনাম

ভারতীয় ও বাংলাদেশিদের জন্য দুবাইয়ের মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা: বিনিয়োগ ছাড়াই আজীবন বসবাসের সুযোগ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-২৭

এত দিন সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম—অর্থাৎ প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি—বিনিয়োগ করতে হতো। তবে এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যা সম্পূর্ণভাবে মনোনয়ন-ভিত্তিক। এই নতুন ব্যবস্থায় আর বিশাল অঙ্কের বিনিয়োগের প্রয়োজন নেই।

নতুন এই ‘মনোনয়ন-ভিত্তিক ভিসা’ নীতির আওতায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকেরা মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ ৪১ হাজার টাকা) ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে পারেন, যা তাঁদের আজীবন বসবাসের সুযোগ দেবে।

বর্তমানে ভারত ও বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালুর প্রক্রিয়া চলছে। রায়াদ গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা এই মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক পর্যায়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব এই উদ্যোগকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক প্রথম ধাপে শুধুমাত্র ভারত ও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্প সফল হলে, পরবর্তী ধাপে চীনসহ সংযুক্ত আরব আমিরাতের সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) চুক্তিভুক্ত অন্যান্য দেশেও এই ভিসা চালু করা হবে।

আবেদন প্রক্রিয়া
রায়াদ কামাল আইয়ুব জানিয়েছেন, মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের বিস্তারিত ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এর আওতায় আবেদনকারীর অপরাধমূলক কর্মকাণ্ড, অর্থপাচার সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো বুঝে নেওয়া—আবেদনকারীর উপস্থিতি থেকে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ, পেশাদার পরিষেবা কিংবা অন্যান্য খাতে কীভাবে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

রায়াদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে আবেদনপত্র সংশ্লিষ্ট সরকারি বিভাগে পাঠানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেখান থেকেই।

আবেদন জমা ও সুবিধা
আবেদনকারীদের দুবাই সফর করতে হবে এবং নিজ নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল কিংবা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে।

এই নতুন মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার অন্যতম বড় সুবিধা হলো—এটি সম্পত্তি-নির্ভর নয়। সাধারণত সম্পত্তি-ভিত্তিক ভিসা সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হয়।

রায়াদ গ্রুপ আরও জানিয়েছে, যাঁরা এই ভিসা পাবেন, তাঁরা তাঁদের পরিবার নিয়ে দুবাইতে বসবাস করতে পারবেন। সেই সঙ্গে, তাঁদের ভিসার ভিত্তিতে গৃহকর্মী ও চালক নিয়োগ করাও বৈধ হবে। তদুপরি, তাঁরা দুবাইয়ে ব্যবসা বা পেশাদার যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন।

error: Content is protected !!