ছবি: সংগৃহীত
সন্তানের হত্যার বিচার চেয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন এক মা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেটের ওসমানীনগর থানার সামনে লাশ নিয়ে বসে ছিলেন নিহত কিশোর রবিউল ইসলাম নাঈমের মা পারুল বেগম (৫৫)। এ সময় পরিবারের সদস্য ও এলাকাবাসীও তার সঙ্গে যোগ দেন।
ওসমানীনগরের গদিয়াচর গ্রামের বাসিন্দা কিশোর রবিউল (১৭) ২৬ জুলাই নিখোঁজ হয়। সে ব্রাহ্মণগ্রাম এলাকায় বগুড়া রেস্টুরেন্টে নাইট শিফটে কাজ করত। ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, রেস্টুরেন্টের মালিক বুলবুল মিয়া তাকে হত্যা করে মরদেহ গুম করে। ঘটনার পর বুলবুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে কুলাউড়া থানার ওসি জানান, প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
