ছবি: সংগৃহীত
বয়স ৪০ পার করলেও গোলের ক্ষুধা এতটুকু কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠে নামলেই যেন নিজেকে নতুন করে প্রমাণের আকাঙ্ক্ষা জাগে। পর্তুগালের আলগারভে রিও আভের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তা আরও একবার দেখালেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের শুরুতেই মোহামেদ সিমাকানের গোলে আল-নাসর এগিয়ে গেলেও রোনালদোর গোল শো শুরু হয় প্রথমার্ধের শেষ দিকে। ৪৪তম মিনিটে ডান দিক থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি সতীর্থ মানেকে দিলেও তিনি গোল করতে ব্যর্থ হলে ফিরতি বল থেকে মাথা দিয়ে করেন নিজের দ্বিতীয় গোল।
এরপর ২৩তম মিনিটে পাওয়া আরেকটি পেনাল্টি নিজেই নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচটি প্রীতি হলেও রোনালদোর পারফরম্যান্স ছিল প্রতিযোগিতামূলক ম্যাচের মতোই ধারালো।
এই হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদোর অফিসিয়াল গোল সংখ্যা দাঁড়াল ৯৩৮-এ। লক্ষ্য একটাই—১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া। পেছনে আছেন লিওনেল মেসি, যিনি করেছেন ৮৭৪টি গোল।
আসন্ন মৌসুমে আল-নাসরের হয়ে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো। চুক্তি নবায়নের জটিলতা কাটিয়ে তিনি দলের সঙ্গেই রয়েছেন। আগামী রোববার স্পেনে আলমেরিয়ার বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। এরপরই শুরু হবে সৌদি সুপার কাপের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে আল-নাসর ও আল-ইত্তিহাদ।
বয়সের বাঁধা মানতে রাজি নন রোনালদো। তার পা থামছে না, থামছে না গোলের ক্ষুধাও।
