ছবি সংগৃহীত
কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তাদের অবস্থান কর্মসূচি।
এর আগে, শুক্রবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি সহকারী শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরেন—দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক দশম গ্রেড, উচ্চতর গ্রেড ও পদোন্নতির দাবিতে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমরা এবার রাজপথে দাবি আদায় করেই ঘরে ফিরব।”
প্রসঙ্গত, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।
এর আগে, গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানায়—১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করা হবে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সহকারী শিক্ষকরা।
আন্দোলনে অংশ নিয়েছে আরও কয়েকটি সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছেন।
