বৈরী আবহাওয়াতেও কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার মধ্যেও ঈদযাত্রা থেমে নেই। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে বুধবার (২৭ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীচাপ ছিল তুলনামূলক বেশি।

স্টেশনে আসা অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিট সংগ্রহ করেও নির্ধারিত আসনে বসতে পারেননি তারা। কেউ কেউ অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতেই ব্যর্থ হয়েছেন। যাত্রীচাপ বাড়ায় ঝুঁকি নিয়েও কয়েকজনকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ১৮টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।

রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি ট্রেন ধীরগতিতে চলেছে। পাশাপাশি যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে অতিরিক্ত সময় লাগায় কিছু ট্রেনের সময়সূচিতে বিলম্ব হয়েছে। তবে দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমবে বলে আশা করছেন তিনি।

ট্রেনের ছাদে যাত্রী চলাচলের বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছে রেল কর্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনেক সময় ছাদে ওঠা যাত্রীদের নামানো কঠিন হয়ে পড়ে।

error: Content is protected !!