সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। অলিখিত ফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। সাগরিকা করেছেন হ্যাটট্রিক।
তবে শিরোপা জয়ের পরেও ছিল না বাঁধভাঙা উচ্ছ্বাস। ম্যাচ ও সংবাদ সম্মেলনজুড়ে ছিল শোকের ছায়া। এর কারণ, ম্যাচের কিছু আগে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, “এই মুহূর্ত উদযাপনের জন্য নয়। অনেকেই প্রাণ হারিয়েছেন। আমরা তাঁদের জন্য গভীরভাবে শোকাহত।”
অধিনায়ক আফঈদা খন্দকার জানান, “খেলার আগে আমরা বিমান দুর্ঘটনার খবর শুনে ভাবি, আজকের জয়টা যেন তাঁদের জন্য হয়। শেষ পর্যন্ত পেরেছি, এই জয় তাঁদের উৎসর্গ করছি।”
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া ওই বিমানের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
