আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে সেই সময়ের মধ্যেও বাংলাদেশ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।
এরপর শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। একই সঙ্গে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বিশ্বকাপে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কটিশরা।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত আজ সকালে বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি তিনি জানান, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ না করায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
এদিকে একই সময়ে ক্রিকেট স্কটল্যান্ডকেও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন আইসিসি সিইও। ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দুবাইয়ে আইসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে জানা যায়। বৈঠকের আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করেছিল। তবে ডিআরসি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসির আগের সিদ্ধান্ত বহাল রাখে।
