মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার হরিণছড়া চা–বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নিহতরা হলেন—হরিণছড়া চা–বাগানের শ্রমিক কৃষ্ণরবি দাস (২০), শ্রাবণ (১৮), নিপেন (২৭) ও রানা (১৬)। আহত ব্যক্তি হলেন রবি বুনার্জি (২০), যাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় জানান, সেপটিক ট্যাংকে নামার পর ওই পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। দুর্গম এলাকা হওয়ায় তাঁদের দ্রুত হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রথমে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, “আমাদের প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসেই তাঁদের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
