গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে ১ জুলাই থেকে। এ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন, যেখানে তাঁরা জনগণকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বার্তা পৌঁছে দিচ্ছেন, এনসিপির অঙ্গীকার তুলে ধরছেন এবং স্থানীয় জনগণের সমস্যা শুনছেন।
এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে তাঁদের একটি কর্মসূচি ছিল। কিন্তু পূর্বঘোষিত এ কর্মসূচিতে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছে, যা ছিল একেবারে জঙ্গি কায়দায় সংগঠিত।
তিনি আরও জানান, গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতারা যখন মাদারীপুরের দিকে যাত্রা করেন, তখন তাঁদের গাড়িবহরে ফের হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণসহ সশস্ত্র হামলা চালানো হয়, যা ছিল পূর্বপরিকল্পিত।
এই ঘটনার পর বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী সংগঠন এনসিপির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। নাহিদ ইসলাম তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, গোপালগঞ্জে তাঁদের কর্মীদের পরিবারের সদস্যরাও হুমকির মুখে রয়েছেন। তাই সংবাদ সম্মেলন থেকে তিনি দাবি করেন—এই হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
নাহিদ ইসলাম আরও জানান, তাঁদের ৩০ দিনের চ্যালেঞ্জ হলো দেশের ৬৪টি জেলায় পৌঁছানো। এরই অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার ফরিদপুরে পথসভা অনুষ্ঠিত হবে এবং অন্যান্য সভাও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
