ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে আবারও সড়কে নেমেছেন বিক্ষোভকারীরা। অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর মিরপুর-১০ গোলচত্বরে তারা সমবেত হন।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায়ও একই দাবিতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ওই এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার পরিবারের বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া হত্যার পর মরদেহ গোপনেরও চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুলিশ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলছে।
