ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে লাগোসের উদ্দেশে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
নাইজেরিয়ার এভিয়েশনমন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো প্রদেশ থেকে লাগোসে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পর একটি নৌঘাঁটির কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। খবর পাওয়ার পরপরই দেশটির বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে।
বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌযানে করে দুর্ঘটনাস্থলে যেতে দেখা গেছে। সেখানে স্থানীয় উৎসুক মানুষের ভিড়ও ছিল।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় কয়েকটি গাছ ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষের পাশাপাশি পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে
