ছবি সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। বাংলাদেশ দল প্রথম ম্যাচে মাঠে নামবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরই মধ্যে রবিবার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ কয়েকজন ক্রিকেটার ও দলের স্টাফরা।
দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনিক। তিনি জানান, শুধু অংশগ্রহণ নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। জাকের বলেন, ‘দল শুধু খেলতে যাচ্ছে না, বরং চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই আমরা যাচ্ছি। দলের ইতিবাচক মনোভাব ও প্রস্তুতিই আমাদের ভালো খেলতে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটি ম্যাচে ধাপে ধাপে উন্নতি করার লক্ষ্য থাকবে। এজন্য ভালো প্রস্তুতিও নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’
এবারের আসরে প্রথমবারের মতো মোট ৮ দল অংশ নিচ্ছে। সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানে সবাই সবার মুখোমুখি হবে। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে।
বাংলাদেশের গ্রুপপর্বের সূচি অনুযায়ী— ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।
