হবিগঞ্জে ২ কোটি টাকার নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ, ট্রাকে লুকানো ছিল পণ্য
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৪-২২
ছবি: সংগৃহীত
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকটিতে বহন করা ইটের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা ও সহযোগিতার আহ্বান জানান তিনি।