সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন অংশ নেয়। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ।
বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
রাজশাহী বোর্ডে ১ হাজার ৯৫৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৪২৬ জন এবং যশোর বোর্ডে ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩ জন। সিলেট বোর্ডে ৬৭৪ জন এবং বরিশাল বোর্ডে ৯১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ, যেখানে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৩ জন অনুপস্থিত ছিল।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এখানে অনুপস্থিতির হার ছিল ৪ দশমিক ৪০ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৯৩ শতাংশ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।