সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-09
ছবি: সংগৃহীত

ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭) মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: Content is protected !!