ছবি: সংগৃহীত
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যায় পড়তে পারেন।
সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে নির্ধারিত সময়ে টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটি জানায়, রিগ্যাসিফিকেশন বন্ধ থাকায় জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহে প্রভাব পড়বে। এর ফলে সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে। এতে আবাসিক রান্নাবান্না, বাণিজ্যিক কার্যক্রম এবং শিল্পকারখানার উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
