ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর দাশপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বুরহানপুর দাশপাড়ার বাসিন্দা রতন দাশের স্ত্রী চম্পা রানি দাশ (৩৫) এবং তাঁদের মেয়ে হৃদি দাশ (৪)। চম্পা রানি অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী রতন দাশ শাহগলী বাজারে জুয়েলারির ব্যবসা করেন।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে চম্পা রানি ও তাঁর মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
