২২ বছর পর সিলেটে তারেক রহমান, আলিয়া মাঠ থেকেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-১২

দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই তিনি আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।

তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে সিলেটসহ পুরো বিভাগজুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সিলেটি জামাইকে বরণ করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বিএনপি নেতারা জানিয়েছেন, আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্মসূচি ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

দলীয় সূত্র জানায়, সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে জনসভাকে সফল করতে মাঠে নেমেছে। মঞ্চ নির্মাণ, মাঠ সাজানো, পোস্টার-ব্যানার ও প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আয়োজকদের আশা, সিলেট বিভাগের চার জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটবে।

বিএনপি নেতাদের মতে, রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে সিলেট একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করে জনগণের কাছে নতুন রাজনৈতিক বার্তা পৌঁছাতে চায় দলটি। বিশেষ করে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হওয়ায় এই সফরের রয়েছে আলাদা আবেগ ও রাজনৈতিক গুরুত্ব।

দলীয় সূত্র আরও জানায়, ২২ জানুয়ারি সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে হবিগঞ্জেও একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ বলেন, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে, যা নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভা থেকে সারা দেশে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা যাবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দলের চেয়ারম্যানকে বরণ করতে সিলেটবাসীর মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, এবারও একই ধারাবাহিকতায় তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত না হলেও ২২ জানুয়ারি তার সিলেট আগমন প্রায় নিশ্চিত।

এ বিষয়ে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান সিলেটে আসছেন এবং এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন। শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় সফরটি তাঁর জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। জনসভা সফল করতে দলের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

error: Content is protected !!