ছবি সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ২০০ জনের বেশি নিহত হয়েছেন। আজাদ কাশ্মীরে ১৯ জন ও গিলগিট বালতিস্তানে ১২ জন মারা গেছেন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় অন্তত ১১৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় দুর্গত এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরই মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বন্যাদুর্গত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।
