শিরোনাম

দেশজুড়ে ভোটকেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১১
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে। অন্যদিকে ঢাকাসহ বড় শহরগুলোর কেন্দ্রে এসব সরঞ্জাম সন্ধ্যার মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। সাদা রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে গণভোটের জন্য।

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন থাকবে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রভিত্তিক বাহিনী, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে নির্বাচন কার্যক্রম বাধাগ্রস্ত করার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে না। যদিও বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটতে পারে, তবে তা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।

আইজিপি আরও জানান, প্রাথমিকভাবে সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

error: Content is protected !!