বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তামিম ইকবাল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর দায়িত্ব পেয়েছেন। সাবেক এই অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন রাজীব শুক্লা, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সহসভাপতি।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। দায়িত্ব গ্রহণের পরই দেশের ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজীব শুক্লা তামিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার মতো অভিজ্ঞ সাবেক ক্রিকেটারের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে যাবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে থাকলেও এই শুভেচ্ছা বার্তা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
