ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি চলতি বছর ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন।
অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির পক্ষ থেকে তিনি নবগঠিত সংসদের কার্যক্রম শুরুকে স্বাগত জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজকের দিনটি দেশের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক যাত্রার নতুন সূচনা। দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করতে চান বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপস করেননি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।