ডেট্রয়েটের ইস্টসাইডে এক মার্কিন নাগরিক তার উদারতার জন্য অনেকটা সুপরিচিত ছিলেন। মৃত্যুর পরও তিনি ব্যতিক্রমী এক ‘শেষ ইচ্ছা’ পূরণ করে সবাইকে চমকে দিলেন। তার ইচ্ছা ছিল, শেষকৃত্যের দিন একটি হেলিকপ্টার থেকে মানুষের জন্য ছড়িয়ে দেওয়া হবে নগদ টাকা।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম, যার মধ্যে রয়েছে এনডিটিভি, জানায়—এই ব্যতিক্রমী আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী ড্যারেল ‘প্ল্যান্ট’ থমাস। তিনি এটিকে তার ‘লোকদের জন্য শেষ উপহার’ হিসেবে উল্লেখ করেছিলেন। তার শেষকৃত্যের দিন তার দুই পুত্র—ড্যারেল জুনিয়র ও জন্টি—একটি হেলিকপ্টার ভাড়া করেন, যার মাধ্যমে নগদ অর্থ এবং গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুন দুপুর ১টার দিকে প্রায় ৫ হাজার ডলার হেলিকপ্টার থেকে ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে গ্র্যাটিওট অ্যাভিনিউ ও কনার স্ট্রিটের সংযোগস্থলে। সেখানে উপস্থিত পথচারীদের ওপর হেলিকপ্টার থেকে হাজার হাজার ডলার ও গোলাপের পাপড়ি বর্ষণ করা হয়। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যক্তি মন্তব্য করেন, “সম্প্রদায়কে ফিরিয়ে দেয়ার কী অসাধারণ উপায়। আমি আশা করি মানুষ জানত তিনি কে ছিলেন।”
আরেকজন লেখেন, “এটা অত্যন্ত আবেগময়। এমনকি নিজের মৃত্যুর পরও তিনি আশপাশের মানুষদের সাহায্য করতে চেয়েছেন। এ ধরনের গল্পগুলো আমাদের প্রকৃত দয়ার অর্থ স্মরণ করিয়ে দেয়।”
