শিরোনাম

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, প্রকাশিত কেন্দ্র তালিকা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-১৮
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নিজেই। পরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও পরীক্ষার সময়সূচি শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

এরই মধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। গত ১০ এপ্রিল প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, অধীনস্থ কলেজসমূহ, সংশ্লিষ্ট কলেজের কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্রসহ প্রয়োজনীয় গোপনীয় নথি সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করতে হবে।

এছাড়া, প্রতিদিনের পরীক্ষা শেষে সংশ্লিষ্ট দিনের ওএমআর শিটের প্রথম অংশ সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য উত্তরপত্রও নির্ধারিত নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র প্রধানদের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বোর্ড।

 

error: Content is protected !!