শিরোনাম

সিলেটে নারী মেম্বারের বাড়িতে হামলা, আহত ২

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৮
ছবি সংগৃহীত

 

সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নে এক নারী মেম্বারের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ৮নং কান্দিগাঁওয়ের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ফারজানা আক্তার জেবিনের চরুগাঁও এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন ফারজানা আক্তারের স্বামী জয়নাল আবেদিন (৪০) এবং তাদের ৯ বছরের মেয়ে তানিসা আক্তার। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী মেম্বার ফারজানা আক্তার অভিযোগ করেন, শ্বশুরের চিকিৎসার জন্য ওইদিন তারা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় জসিম, সেলিমসহ পাঁচজন বাসায় ঢুকে তার স্বামীর ওপর হামলা চালায় এবং তার শিশু কন্যাকেও মারধর করে। তিনি আরও জানান, শ্বশুরের চিকিৎসা খরচ বাবদ দেবরের মোটরসাইকেল বিক্রি করে যে দেড় লাখ টাকা ঘরে রাখা হয়েছিল, তা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

তবে এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধ থেকেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মেম্বার জানান, তার স্বামী ও মেয়ে সুস্থ হওয়ার পর তিনি আইনি পদক্ষেপ নেবেন।

 

error: Content is protected !!