হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করতে বাধ্য হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ২০টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
