ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচন-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস দায়িত্বে থাকবে—এমন প্রচারণা সঠিক নয় বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ প্রক্রিয়া আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮০ দিন ক্ষমতায় থাকার বিষয়টি ভিত্তিহীন প্রচারণা। দ্রুত সময়ের মধ্যেই জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার ৬৮টি মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত নিয়েছে, যার অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে। একই সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনী পরিবেশ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। ভোক্তা পর্যায়ে স্বস্তি দিতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।
