ছবি: সংগৃহীত
সিলেট বিভাগ জুড়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভাগের ১৭টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে মোট ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে বিভাগে মোট ল্যাব-নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
নতুন ভর্তি হওয়া ৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২ জন।
এছাড়া জকিগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ১০৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৮ জন রোগী রয়েছেন।
এছাড়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন।
শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে, মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, দোয়ারাবাজার, লাখাই, বাহুবল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
