সিলেটে ছয় দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কিছু ধারা বাতিল, বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া এবং সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর রয়েছে।
এই আকস্মিক বাস চলাচল বন্ধের ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মমতাজ মীম নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই। এতে সাধারণ যাত্রীদের অসুবিধায় পড়তে হয়।”
আরেক যাত্রী বলেন, “সিলেটের বিষয় নিয়ে হবিগঞ্জে কেন বাস বন্ধ থাকবে? পরিবহন শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে রাখে সবসময়। ধর্মঘট থাকলে আগেই জানানো উচিত, তাহলে মানুষ বিকল্প পথে যাতায়াত করতে পারত।”
আবু মঈন চৌধুরী সোহেল জানান, “সিলেটে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ বা আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”
