শিরোনাম

ই-বেইলবন্ডে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-২১
ই-বেইলবন্ডের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, কমবে ভোগান্তি: আইন উপদেষ্টা

ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে এ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয় থেকে ভার্চুয়ালি দেশের আটটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দ্বিতীয় ধাপে যে জেলাগুলোতে ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো, সেগুলো হলো— মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।

অনুষ্ঠানে জানানো হয়, ই-বেইলবন্ড ব্যবস্থার মাধ্যমে অনলাইনে জামিননামা দাখিল করা সম্ভব হওয়ায় একজন বন্দিকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি দেওয়া যাচ্ছে। নতুন এ ব্যবস্থায় জামিন অনুমোদনের পর মাত্র এক ঘণ্টার মধ্যেই আসামিকে মুক্ত করা সম্ভব হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল করতে গিয়ে ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো, যা সময়সাপেক্ষ ছিল এবং সাধারণ মানুষের জন্য ছিল চরম ভোগান্তির। ই-বেইলবন্ড চালুর ফলে সেই জটিলতা দূর হবে এবং পুরো প্রক্রিয়া হবে আরও সহজ ও স্বচ্ছ।

তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করার লক্ষ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে পর্যায়ক্রমে আরও কয়েকটি জেলায় এ সেবা সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই ডিজিটাল সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

error: Content is protected !!