দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন করে ১৩৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৬৪ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়, যেখানে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে এ ধরনের মৃত্যুর সংখ্যা ৮৭ জন।
বুলেটিনে আরও বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ১ হাজার ৬ জন। তাদের মধ্যে ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে ১৩৬ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। এ সময়ে সেখানে ৩৪২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম ২৮ জন রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৮৭ হাজার ৯২৯ জন। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।