ছবি: সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। একই সঙ্গে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাজারের দানের অর্থ নিয়মিত ও স্বচ্ছভাবে ব্যবস্থাপনার জন্য প্রতিদিন দানবাক্সের টাকা গণনা করা হবে। এ কার্যক্রম তদারকিতে মাজার কমিটির পক্ষ থেকে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। ম্যানেজার হিসেবে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অথবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারীও নিয়োগ দেওয়া হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, মাজারে দান হিসেবে পাওয়া অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য ব্যাংক হিসাবে জমা রাখা হবে। এই ব্যাংক হিসাব সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
অন্যদিকে, অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের দৈনন্দিন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগের মাধ্যমে মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
