ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ জন ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান সরকারের তথ্যানুযায়ী, দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিকম্প আঘাত হানায় প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারাই উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল) গভীরে। এরপর অন্তত তিনটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

রাতে গভীর ঘুমে থাকায় বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে। আফগান তথ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
এখনও বহু প্রত্যন্ত এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকেও সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
কুনার প্রদেশের প্রশাসনের তথ্যমতে, প্রবল বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।
তালেবান কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের হাতে পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম নেই। তাই দুর্গম পাহাড়ি অঞ্চলে কার্যকরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক সহায়তা জরুরি বলে জানিয়েছেন তারা।
Beta feature
