সুনামগঞ্জে কৃষিজমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গ্রেনেড, সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় করলো

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি কৃষিজমি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অব্যবহৃত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ জুন) সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার চালবন্দ পয়েন্ট সংলগ্ন এক কৃষিজমিতে মরিচ চাষের সময় এক কৃষক গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান। পরে জমির মালিক সাব্বির বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্প থেকে একটি দল ঘটনাস্থলে যায়।

শুক্রবার সকালে সেনাবাহিনী গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং দুপুরে বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।

৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল সালেহ আল হেলাল বলেন, “উদ্ধার হওয়া বস্তুটি সক্রিয় কে-৩৬ বা এম-৩৬ মডেলের গ্রেনেড। এতে ৫০০ থেকে ৬০০টির মতো স্পিন্টার থাকে, যা অত্যন্ত প্রাণঘাতী। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করছি।”

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

error: Content is protected !!