দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে জোরদার নিরাপত্তা, এসআরবি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-16

সিলেট বিভাগের সব জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। পূজামণ্ডপে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও অনলাইনে পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব-৯-এর সিলেট অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় র‍্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মো. রোকুনুজ্জামান উপস্থিত ছিলেন।

তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাবের সদস্যরা কাজ করছেন। বিভিন্ন পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

তিনি বলেন, গুজব ছড়িয়ে কেউ যাতে উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব। কোনো তথ্য সামনে এলে তা যাচাই করার সুযোগ দিতে হবে। তথ্য মিথ্যা প্রমাণিত হলে গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আহ্বান জানান র‍্যাব-৯ অধিনায়ক। বিশেষ করে নারী ও শিশুরা যাতে নিরাপদে পূজামণ্ডপে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১৬ অক্টোবর থেকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো দলও প্রস্তুত রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

error: Content is protected !!