শিরোনাম

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, ঈদের ছুটির মতো বাড়ি ফেরার ঢল

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০২-১০
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে গ্রামমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকটা ঈদযাত্রার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পাশাপাশি কলেজগেট ও গাজীপুর এলাকার বিভিন্ন অংশে তীব্র যানজট দেখা গেছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

যাত্রীদের অভিযোগ, বাসের সংকটকে কেন্দ্র করে কিছু পরিবহন শ্রমিক বাড়তি ভাড়া আদায় করছেন। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এছাড়া আন্তঃজেলা ও অন্তঃজেলা রুটে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রিপ পরিচালনার ঘটনাও ঘটছে, যা যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। এতে বাস টার্মিনালগুলোতে ঈদ মৌসুমের মতো ভিড় দেখা যাচ্ছে এবং আগাম টিকিটের চাহিদাও বেড়েছে।

অন্যদিকে কমলাপুর রেলস্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে পরিবারসহ গ্রামের পথে যাচ্ছেন।

কয়েক বছর পর ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় অনেকে বাড়তি ভোগান্তি সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

error: Content is protected !!