ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এর আগে, ক্রিকেটাররা খেলায় না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের পরিপ্রেক্ষিতে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এর জেরে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে। সবশেষে ক্রমবর্ধমান চাপের মুখে এম নাজমুল ইসলামকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি।
