এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে সাত নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৯

সারা দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৬ জুন এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে চলার সাতটি নির্দেশনা হলো—

১. পরীক্ষার্থীসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কেন্দ্রে প্রবেশের সময় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
২. পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ রাখতে হবে।
৩. ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪. পরীক্ষা শুরুর আগে মশা নিধনের জন্য কেন্দ্রে ওষুধ স্প্রে করতে হবে এবং এ কাজে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
৫. পরীক্ষা কক্ষে বসার ব্যবস্থা সংশ্লিষ্ট বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করতে হবে।
৬. প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।
৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের জমায়েত নিরুৎসাহিত করতে প্রচারণা চালাতে হবে।

এই নির্দেশনার মাধ্যমে শিক্ষক, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের ২০২৫ সালের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

error: Content is protected !!