ছবি: সংগৃহীত
নতুন বছরের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে পূর্বাভাস দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে এবং মাসটি ২৯ কিংবা ৩০ দিনে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, রমজান ২৯ দিনের হলেও ইউএইর সরকারি নীতিমালা অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির অংশ হিসেবে বিবেচিত হবে। ফলে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের সরকারি ছুটি হতে পারে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ২০ মার্চ।
এদিকে ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে তুলনামূলক দীর্ঘ ছুটির সম্ভাবনাও রয়েছে। সরকারি ছুটি ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা শুরু হতে পারে। এ ছুটি ২৯ মে পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা টানা সর্বোচ্চ ছয় দিনের অবকাশ পেতে পারেন।
তবে রমজান ও ঈদের অন্যান্য ছুটির মতোই ইউএইতে এসব দিবসের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ভিত্তিতে। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির ঘোষণা দেবে।
