দোকানপাট খোলা রাখার সময় বাড়লো: জ্বালানি সংকটে রাত ৭টা পর্যন্ত নতুন নির্দেশনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০৫
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ থাকলেও এখন থেকে বিপণিবিতান রাত ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা ও পহেলা বৈশাখ উপলক্ষে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন। নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে।
এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা জানিয়েছিলেন। তবে ব্যবসায়ীদের দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করে।
জ্বালানি পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। নতুন কিছু উৎস থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ফলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে কোনো ধরনের সংকট এড়াতে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং উৎসবকালীন কেনাকাটার বিষয় বিবেচনায় সময় বাড়ানোর দাবি জানানো হয়। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে অফিস-আদালত আগের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই চলবে।

error: Content is protected !!