শিরোনাম

নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক, বাজারে আসছে ১ জুন থেকে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-২৯

নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক, বাজারে আসছে ১ জুন থেকে


আগামী ১ জুন থেকে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

নতুন এই নোটগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য”-ভিত্তিক নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো নতুন সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হবে।

নতুন নোটগুলো চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও সচল থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা লেনদেনযোগ্য নয়) ছাপানো হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

✅ ১০০০ টাকার নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য:

নতুন ১০০০ টাকার নোটের আকার ১৬০ মিমি x ৭০ মিমি এবং এটি ১০০% কটন কাগজে মুদ্রিত। এতে রয়েছে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘1000’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’। রঙের দিক থেকে এতে বেগুনি রঙের আধিক্য রয়েছে।

সম্মুখভাগে: বাম পাশে জাতীয় স্মৃতিসৌধ, মাঝখানে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান, এবং ব্যাকগ্রাউন্ডে শাপলা ফুলের ছবি।

উপরে ও কোণায়: মূল্যমান ‘১০০০’, ‘৳১০০০’ ও ‘1000’ উল্লেখ রয়েছে।

পেছনে: জাতীয় সংসদ ভবনের ছবি এবং নানা স্থানে মূল্যমানের উল্লেখসহ মনোগ্রাম রয়েছে।

এই নোটে মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে:

৫ মিমি প্রশস্ত নিরাপত্তা সুতা (যাতে ‘১০০০ টাকা’ ও মনোগ্রাম খচিত)

Tilt করলে লাল থেকে সবুজে রং পরিবর্তন

রং পরিবর্তনশীল কালি (OVMI), ম্যাজেন্টা থেকে সবুজে রূপান্তর

UV ইনকে মুদ্রিত শাপলা ফুল

See Through ইমেজে ‘১০০০’ দৃশ্যমান

মাইক্রোপ্রিন্ট, অসমতল ছাপা, লুকানো লেখা, ইরিডিসেন্ট স্ট্রাইপ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৬টি বৃত্ত

✅ ৫০ টাকার নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য:

নতুন ৫০ টাকার নোটের আকার ১৩০ মিমি x ৬০ মিমি, ১০০% কটন কাগজে মুদ্রিত। এতে রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘50’ এবং মনোগ্রাম। রঙে গাঢ় বাদামী প্রাধান্য রয়েছে।

সম্মুখভাগে: বাম পাশে আহসান মঞ্জিল, মাঝখানে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান, ব্যাকগ্রাউন্ডে শাপলা ফুলের ছবি।

পেছনে: শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।

এ নোটে মোট ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে:

২ মিমি প্রশস্ত নিরাপত্তা সুতা (যাতে ‘৫০ পঞ্চাশ টাকা’ খচিত)

Tilt করলে রং পরিবর্তন

See Through প্যাটার্নে ‘৫০’ দৃশ্যমান

Microprint (BANGLADESH BANK, 50 TAKA ইত্যাদি)

অসমতল ছাপা, লুকানো লেখা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বৃত্ত।

✅ ২০ টাকার নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য:

নতুন ২০ টাকার নোটের আকার ১২৭ মিমি x ৬০ মিমি এবং এটি ১০০% কটন কাগজে তৈরি। এতে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘20’ এবং মনোগ্রাম রয়েছে। রঙে সবুজের আধিক্য দেখা যায়।

সম্মুখভাগে: বাম পাশে কান্তজিউ মন্দির, দিনাজপুর; মাঝখানে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান; ব্যাকগ্রাউন্ডে শাপলার ছবি।

পেছনে: পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁর ছবি।

এ নোটে মোট ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে:

২ মিমি প্রশস্ত নিরাপত্তা সুতা (যাতে ‘৳২০ বিশ টাকা’ খচিত)

Tilt করলে রং পরিবর্তন

See Through প্যাটার্নে ‘২০’ দৃশ্যমান

Microprint (BANGLADESH BANK)

গ্লিউইশ প্যাটার্নে সূক্ষ্ম মুদ্রণ।

বাংলাদেশ ব্যাংক জানায়, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যের প্রতিফলন ঘটাতে নতুন নোটে এসব উপাদান ও নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

error: Content is protected !!