ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টার পর থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে চৌহাট্টা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
একপর্যায়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেনা সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ধাওয়ার মুখে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে পাশের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে জড়ো হন। সেখানে তারা কিছুক্ষণ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যান।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ধাওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, “আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং কোনো আহতের ঘটনা ঘটেনি।”
বিক্ষোভকারীরা জানান, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনুপযোগী ও বৈষম্যমূলক। এ সিদ্ধান্ত কার্যকর হলে চাকরি ও পদোন্নতিতে তারা আরও বঞ্চিত হবেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিল এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি প্রত্যাহারের দাবি জানান তারা।
