শিরোনাম

খোয়াই নদীর বাঁধে ৫০ মিটার ভাঙন: বানিয়াচংয়ে প্লাবিত হাজারো হেক্টর ফসলি জমি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-৩০
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খোয়াই নদীর বাঁধ ভেঙে আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাজুকা ও দত্তপুর এলাকায় খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০ থেকে ৫০ মিটার অংশ ভেঙে যায়। বাঁধ ভেঙে হঠাৎ করে পানি প্রবেশ করায় ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরসহ আশপাশের কৃষিজমি পানিতে তলিয়ে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, আকস্মিক এ পানির প্রবাহে প্রায় ২ হাজার ৭১০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিস্থিতি পরিদর্শন করে দ্রুত মেরামতের উপযোগী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দ্বীপক কুমার পাল বলেন, ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরে পানি ঢুকে পড়ায় ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

error: Content is protected !!