শিরোনাম

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১২-১৬
ছবি সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫৬ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশে বিজয় দিবস উদ্‌যাপন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে।

সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

error: Content is protected !!