শিরোনাম

ভারতে ছবি তুলতে গিয়ে সীমান্ত পেরিয়ে আটক, পরে বিজিবির কাছে হস্তান্তর

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৩

আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মোবাইল ফোনে ছবি তুলছিল বাংলাদেশি দুই কিশোর। তাদের ওই কার্যক্রম বিএসএফের নজরে পড়লে আটক করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। পরে বিজিবির সঙ্গে যোগাযোগের পর দুই কিশোরকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (২ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের অপর পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলা অবস্থিত।

আটক কিশোররা হলো—কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) এবং রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে আলীনগর সীমান্ত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে ১,৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে এবং সেখানেই মোবাইলে ছবি তুলছিল। তখন বিএসএফের টহল দলের নজরে পড়লে তারা কিশোর দুজনকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।

পরবর্তীতে স্বজনরা বিষয়টি জানতে পেরে বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ১৯৯ ব্যাটালিয়নের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কিশোরদের ফেরত চায়। রাত প্রায় ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, হস্তান্তরের সময় কিশোররা জানায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিল। বিএসএফ তাদের আটক করলেও শারীরিকভাবে নির্যাতন বা মারধর করা হয়নি। হস্তান্তরের পর দুই কিশোরকে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, দুই কিশোরের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

error: Content is protected !!